রাজধানীর ঢাকার হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত বিন্তি রায়েরবাজার হাইস্কুল-এর নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম বিল্লাল হোসেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে হায়দার হোটেলের গলি দিয়ে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হাঁটতে দেখা যায় বিন্তিকে। সিসিটিভি ফুটেজে তাদের একসঙ্গে দেখা গেলেও কিছুক্ষণ পর পাশের একটি অন্ধকার গলি থেকে রক্তাক্ত অবস্থায় বিন্তির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে বিন্তিকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে পূর্বেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল বলে দাবি পরিবারের।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।