যশোরে এক যুবকের পেটের ভেতর থেকে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৬। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মাসুদ রানা (২০)। তিনি যশোরের শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান যে এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। তিনি এসব ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে র্যাবের পাহারায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে এক্স-রে করার পর তার পেটের ভেতরে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।