ইসলামিক স্টেট (আইএস) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শিয়া সম্প্রদায় অধ্যুষিত ইমাম বারগাহ কাসর-ই-খাদিজাতুল কুবরা মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা চালানোর দায় স্বীকার করেছে। এ হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। ২০০৮ সালের সেপ্টেম্বরে পাঁচ তারকা ম্যারিয়ট হোটেলে আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তানের রাজধানীতে গতকালের হামলাকে সবচেয়ে প্রাণঘাতী বলে বিবেচনা করা হচ্ছে।
একটি নিরাপত্তা সূত্র জানায় গতকাল জুমার নামাজের সময় হামলাকারী যখন মসজিদের ফটকে পৌঁছান, তখন তাঁকে বাধা দেওয়ার পরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী, আইএসের একজন যোদ্ধা মুসল্লিদের লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই জ্যাকেটের (ভেস্ট) বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে আইএস।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার পেছনে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। মসজিদে হামলাকারী ও তার সম্ভাব্য সহযোগীর সঙ্গে স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মীদের গোলাগুলির সময় আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতর এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন স্বেচ্ছাসেবক পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালালে হামলাকারীর ঊরুতে গুলি লাগে।