মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে দেশটির উদ্দেশে যুদ্ধজাহাজের একটি ‘বিশাল নৌবহর’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দাভোস থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন,তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে চান।
যখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অতিরিক্ত সামরিক সরঞ্জাম ওই অঞ্চলের দিকে পাঠানো হচ্ছে ঠিক তখনই ট্রাম্পের এই মন্তব্য এলো। বর্ধিত উত্তেজনার মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকন নামের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে অতীতেও যুক্তরাষ্ট্র প্রায়ই সেখানে নিজের সামরিক উপস্থিতি জোরদার করেছে জানিয়ে ট্রাম্প আবারও বলেন, এই সেনা মোতায়েনের অর্থ এই নয় যে, সামরিক সংঘর্ষ অনিবার্য । তবে তিনি সতর্ক করে দেন, তেহরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলে ওয়াশিংটন অবশ্যই জবাব দেবে।