| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চানখারপুলে ছয় হত্যা : ট্রাইব্যুনালে ৪ আসামি

  • আপডেট টাইম: 20-01-2026 ইং
  • 299245 বার পঠিত
চানখারপুলে ছয় হত্যা : ট্রাইব্যুনালে ৪ আসামি

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে শেষবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পলাতক আসামিদের অনুপস্থিতিতেই আজ এ মামলার রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সকাল পৌনে ১০টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে চার আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। তারা হলেন— শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট চারজন আসামি পলাতক রয়েছেন। অন্য পলাতকরা হলেন— ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে সংঘটিত এ ঘটনায় নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া।

গত বছরের ২১ এপ্রিল তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করে। যাচাই-বাছাই শেষে ২৫ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। পরে শুনানি শেষে ১৪ জুলাই আট আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শহীদ আনাসের বাবা শাহারিয়ার খান পলাশ ছিলেন প্রথম সাক্ষী। তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১০ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর যুক্তিতর্ক শুরু হয় এবং ২৪ ডিসেম্বর রায়ের দিন ধার্য করা হয়।

এ মামলায় আলামত হিসেবে ১৯টি ভিডিও, ১১টি পত্রিকা প্রতিবেদন, দুটি অডিও, বিভিন্ন বই ও প্রতিবেদনসহ ছয়টি মৃত্যু সনদ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪