আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে। প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।
ইসির রোডম্যাপ অনুযায়ী ২৮ জানুয়ারি শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হবে। এরপর ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে। রোডম্যাপে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার পতিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তবর্তী সরকার গঠন করা হয়, যা এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের অঙ্গীকার করে। নির্বাচনের ধারাবাহিকতায় এখন তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, পক্ষপাতিত্বের অভিযোগে ছাত্রদল আজও নির্বাচন ভবন ঘেরাও করছে। সকাল ১১টা থেকে ঘেরাও কর্মসূচি শুরু হয়। এর আগে গতকাল ছাত্রদলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে। ছাত্রদল সভাপতি জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন কমিশন ভবন ঘেরাও অব্যাহত রাখবেন।