স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
দেশটির রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে যাত্রা শুরুর প্রায় ১০ মিনিট পর লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে গিয়ে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। এর ফলেই ঘটে ভয়াবহ সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা।
আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। লাইনচ্যুত বগিগুলো থেকে এখনও আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স, দমকল ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
আদিফের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের স্বজনদের সহায়তার জন্য মাদ্রিদের আতুচা, সেভিল, কর্ডোবা, মালাগা ও হুয়েলভা স্টেশনে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তায় স্টেশনগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মালাগা থেকে ট্রেন পরিষেবা পরিচালনাকারী বেসরকারি রেল কোম্পানি ইরিয়ো জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই–এর সাংবাদিক সালভাদর হিমেনেজ দুর্ঘটনাকবলিত একটি ট্রেনে ছিলেন। তিনি বলেন, সংঘর্ষের মুহূর্তটি ছিল ভূমিকম্পের মতো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি জানান, প্রচণ্ড শীতের মধ্যে যাত্রীদের একটি ক্রীড়া কেন্দ্রে নেওয়ার জন্য বাসের অপেক্ষা করতে হচ্ছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের রাজা ফেলিপে ষষ্ঠ ও রানি লেতিসিয়া। রাজপ্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনোও নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।