রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২১ দিন পর এক কিশোরী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের মুসলিমবাগ ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন— জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমান (৩২)। স্বজনদের বরাতে জানা গেছে, রোকেয়ার স্বামী শাহীন আহম্মেদ পেশায় একজন মুহুরী।
পুলিশ জানায়, গত ২৫ ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পড়তে যাওয়ার পর নিখোঁজ হয় স্কুলছাত্রী ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে একই দিন নিখোঁজ হন তার মা রোকেয়া রহমান। দীর্ঘ ২১ দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হলো।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফাতেমার গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের মরদেহ এবং বাথরুমের ফলস ছাদ থেকে কিশোরী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।