রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই, সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।