ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ তাদের আইনজীবীরা এই শুনানি করবেন।
এর আগে মামলাটির শুনানিতে প্রসিকিউশন পক্ষ ট্রাইব্যুনালকে জানায়, তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা হয়েছিল। প্রসিকিউশনের দাবি, বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এসব কর্মকাণ্ডের নীলনকশা প্রণয়ন করেন এবং তা বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন জুনাইদ আহমেদ পলক।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় মোট ৯ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের আরও চারটি মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ মোট ১৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন সময় চাইতে পারে বলে জানা গেছে।