নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় পথচারীদের কাছ থেকে ছিনতাই করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়। এ সময় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাদের ব্যবহৃত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রবিন ও ফারুক নামে দুই ছিনতাইকারীকে আটক করে। আটককৃত রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক একই এলাকার বাসিন্দা।
পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশার আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিববুল্লাহ জানান, পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।