ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জনতা জুট মিলের শ্রমিক ও ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক বেলা আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন সোতাশী ধলা এলাকা সংলগ্ন রেলগেট অতিক্রম করার সময় শ্রমিকবাহী পিকআপটি রেললাইনের ওপর উঠে পড়ে। সঙ্গে সঙ্গেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। পিকআপে থাকা শ্রমিকরা সড়কে ছিটকে পড়েন। এতে তিনজনের পাশাপাশি অন্তত আরও ১০ জন আহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ও বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুর জেলা পুলিশের মধুখালি সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, ওই ক্রসিংয়ে কোনো ব্যায়ারিং ছিল না। এতে শ্রমিকদের আনা নেওয়ার জন্য ভাড়া করা এই পিকআপটি রেললাইনের উপর চলে আসে। ওই সময় ভাটিয়াপাড়া টিয়াপাড়গামী ট্রেনটি পিকআপের পিছনে অংশে ধাক্কা দেয়, এতে পিকআপটির পেছনের ক্ষতিগ্রস্ত হয় ও রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পরে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ শ্রমিক মারা যায়, আহত হয় বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বোয়ালমারী ও ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।