সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে ওড়ানো একটি বেলুন ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় গিয়ে পড়ে। এতে স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) ভোরে শিলচরের মাসিমপুর সুবেদার বস্তি এলাকায় একটি সাদা বেলুন মাঠে পড়তে দেখা যায়। স্থানীয়রা এটি দেখার পর সাংবাদিক সুমন দাসকে খবর দেন এবং পরে বিষয়টি পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতীম দাস ঘটনাস্থলে পৌঁছান। বেলুনটি পরীক্ষা-নিরীক্ষার পর ভেতরের গ্যাস বের করে সেটি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানিয়েছেন, প্রথমে কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছিল কারণ ওই এলাকায় ভারতীয় সেনা ও বিএসএফের সদর দপ্তর রয়েছে। তবে প্রাথমিক তদন্তে জানা যায়, এটি বাংলাদেশের সিলেটের একটি স্কুলের বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে ওড়ানো সাধারণ বেলুন। বেলুনটিতে তিনজন স্কুল স্পন্সরের ছবি সংযুক্ত ছিল।
ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানিয়েছেন, ৯ ও ১০ জানুয়ারি বিদ্যালয়ে ‘নীলা জয়ন্তি’ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আগত ৩২ জন প্রাক্তন শিক্ষার্থীসহ আড়াই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে শনিবার সন্ধ্যায় বেলুনটি নামানোর সময় রশি ছিঁড়ে গেলে এটি আকাশে ভেসে যায়।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই মজার ছলে মন্তব্য করছেন, একটি স্কুলের আনন্দের বেলুন আন্তর্জাতিক আলোচনায় এসে পৌঁছালো।