ফরিদপুরে পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে এবং এটি নিরাপদভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা থেকে আসা ১০ সদস্যের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর বোমা ডিসপোজাল দল কুমার নদের পাড়ে বোমাটি ফাটিয়ে ধ্বংস করে। বিস্ফোরণের সময় সেনা ও পুলিশ ব্যারিকেড দিয়ে আশেপাশের এলাকায় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।
এটিইউ-এর পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, বোমাটি রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। স্থানীয়রা জানায়, বোমাটি ফাটানোর সময় বিস্ফোরণের শব্দ ছিল ভয়ঙ্কর এবং বোমার কিছু অংশ ২০ ফুট পর্যন্ত উড়ে যায়।
পুলিশ ও সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আলীপুর সেতুর দক্ষিণ পাড়ে পাঠখড়ির স্তূপের মধ্যে স্কুল ব্যাগটি শনাক্ত করে। পরে ব্যাগটি কুমার নদের পাড়ে বালির বস্তা দিয়ে নিরাপদভাবে রাখা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বলেন, “খড়ির গাদার ভেতর থেকে উদ্ধার করা বোমা সদৃশ বস্তুটি নিরাপত্তার কারণে দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়।”
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।