| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে হামলার ব্যাপারে 'সিরিয়াসলি' ভাবছেন ট্রাম্প

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 306221 বার পঠিত
ইরানে হামলার ব্যাপারে 'সিরিয়াসলি' ভাবছেন ট্রাম্প

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন–পীড়নের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানে কীভাবে হামলা চালানো যেতে পারে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভিন্ন বিকল্প পরিকল্পনা তুলে ধরেছেন সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা। যদিও এখনো হামলার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এ বিষয়ে ট্রাম্প অত্যন্ত সিরিয়াসলি ভাবছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানে সম্ভাব্য হামলার জন্য একাধিক পরিকল্পনা তৈরি করা হয়েছে। এসব পরিকল্পনার মধ্যে বেসামরিক স্থাপনায় হামলার বিকল্পও রয়েছে বলে জানা গেছে।

এর আগে আরেক মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পরিসরে বিমান হামলা চালানো হতে পারে।

বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনীর কঠোরতা, হাসপাতালগুলোতে আহত-নিহতের ঢল

এদিকে ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র বিক্ষোভের পর শুক্রবার ও শনিবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ইরানের তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, নিহত ও আহত মানুষের চাপে হাসপাতালগুলো উপচে পড়েছে।

তেহরানের একটি হাসপাতালের এক চিকিৎসক জানান, তরুণ বিক্ষোভকারীদের মাথা ও বুকে লক্ষ্য করে সরাসরি গুলি করা হয়েছে। অন্যদিকে একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক বলেন, আহত রোগীর সংখ্যা এত বেশি ছিল যে হাসপাতালকে ‘ক্রাইসিস মোডে’ নিতে হয় এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়।

বিক্ষোভকারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইরানের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪