| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম দিনের শুনানিতে ৫২ প্রার্থীর প্রার্থীতা ফিরে পেলো

  • আপডেট টাইম: 10-01-2026 ইং
  • 306360 বার পঠিত
প্রথম দিনের শুনানিতে ৫২ প্রার্থীর প্রার্থীতা ফিরে পেলো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানির প্রথম দিনেই ৭০ জন প্রার্থীর মধ্যে ৫২ জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দিনভর শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫ জনের আপিল নামঞ্জুর হয়েছে এবং ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

শুনানি শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নিষ্পত্তি হওয়া ৭০টি আপিলের মধ্যে ৫২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে এবং তিনজনের আবেদন বিবেচনাধীন রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন। এর আগে, ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সংশোধিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন।

প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪