| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 307315 বার পঠিত
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, আপিল বিভাগের আদেশ অনুযায়ী নির্বাচন স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেট অনুযায়ী সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

এই পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করা হয়।

রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের অবস্থায় পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এরপর ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে পুরো সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা এবং বেড়া উপজেলার চারটি ইউনিয়ন হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা নিয়ে পাবনা-১ আসন গঠন করা হয়। আর পাবনা-২ আসন গঠিত হয় বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন এবং পুরো সুজানগর উপজেলা নিয়ে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪