জুলাই গণঅভ্যূত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার জন্য শিগগিরই আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মনে করেন, জুলাই গণঅভ্যূত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধিকার রয়েছে এবং এটি সম্পূর্ণ বৈধ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, “জুলাই গণঅভ্যূত্থানের সৈনিকরা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছে, সেজন্য তাদের অবশ্যই দায়মুক্তি প্রাপ্য।”
তিনি জানান, এ লক্ষ্যে একটি দায়মুক্তি আইন তৈরির কাজ চলমান রয়েছে এবং কিছুদিনের মধ্যেই তা প্রণয়ন করা হবে।
দায়মুক্তি সংক্রান্ত এমন আইন সম্পূর্ণ আইনসম্মত উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে আরব বসন্ত ও সমসাময়িক গণঅভ্যূত্থানের পর—জনবিচ্ছিন্ন সরকার পতনের পর এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের বৈধতা রয়েছে। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণীত হয়েছিল বলেও তিনি স্মরণ করিয়ে দেন।
এসব নজির ও সাংবিধানিক বিধানের আলোকে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে একটি খসড়া দায়মুক্তি অধ্যাদেশ প্রস্তুত করেছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য এ খসড়া উপস্থাপন করা হবে।