ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ (৮ জানুয়ারি) হবে। ঢাকা বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ শুনানি পরিচালনা করবেন।
এর আগে গত সোমবার (৫ জানুয়ারি) মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে আদালত। মামলাটিতে মোট ৩১ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।
আজকের শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে সাক্ষ্য প্রদান করবেন। পরে আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিন উর রহমান তাঁকে জেরা করবেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের আফনান জান্নাত কেয়া। এ মামলায় শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ২০২৫ সালের ১০ মার্চ আরও দু’জনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা, রাজউকের সাবেক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদও আসামি হন।