শতাধিক গুম ও খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু করার জন্য আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে আবেদন করেছে প্রসিকিউশন।
রোববার ( ৪ জানুয়ারি ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারিক প্যানেলের সামনে এ আবেদন করেন। প্যানেলের নেতৃত্বে রয়েছেন বিচারপতি মো গোলাম মর্তূজা মজুমদার, অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে প্রসিকিউশন জিয়াউলের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পাঠ করে এবং ১০৩ জনকে গুম-খুনের বীভৎস বর্ণনা তুলে ধরে। মামলার একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আবেদন করা হয়।
আসামিপক্ষে জিয়াউলের বোন নাজনীন নাহার আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রসিকিউশনের কাছে ভিডিও সরবরাহের অনুরোধ করেন, যা ট্রাইব্যুনালে দাখিলের পর দেওয়ার আশ্বাস দেওয়া হয়। নাজনীন নাহার জানিয়েছেন, পর্যালোচনা শেষে তার মক্কেলের অব্যাহতির আবেদন করবেন। আগামী ৮ জানুয়ারি এ বিষয়ে তার শুনানি হবে।
গত ২৩ ডিসেম্বর গ্রেপ্তার হওয়া জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।