ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন যুক্তরাষ্ট্রে আটক করে নিউইয়র্কে নেওয়া হয়েছে, যেখানে তারা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কার্যালয়ে নেওয়া হয়েছে এবং মাদক ও অস্ত্র-সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
রোববার (৪ জানুয়ারি) এক প্রতিবদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
নিউইয়র্ক সিটিতে অবতরণ করেছে মোট তিনটি হেলিকপ্টার। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর একটিতে ছিলেন আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী।
হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে অবতরণ করে। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে মাদুরোকে গাড়িবহরযোগে নেওয়া হয় ডিইএ’র সদরদফতরে।
সেখানে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর তাকে স্থানান্তর করা হয় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে।
মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার—সংক্ষেপে এমডিসি যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। এখানে আগে রাখা হয়েছিল র্যাপার আর কেলি, জেফ্রি এপস্টাইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এবং সর্বশেষ শন ‘ডিডি’ কম্বসকে।
মার্কিন আদালতের নথি অনুযায়ী, আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি হওয়ার কথা রয়েছে।