| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে বিক্ষোভে ‘জনশৃঙ্খলা বিঘ্নের’ অভিযোগে গ্রেফতার ৩০

  • আপডেট টাইম: 02-01-2026 ইং
  • 311410 বার পঠিত
ইরানে বিক্ষোভে ‘জনশৃঙ্খলা বিঘ্নের’ অভিযোগে গ্রেফতার ৩০

দারিদ্র্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভের মধ্যে জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে অন্তত ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বুধবার রাতে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত ২৯ ডিসেম্বর রোববার থেকে ইরানে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। নিহতদের মধ্যে পাঁচজন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য। আহতদের মধ্যে ১৩ জনই পুলিশ বা বাসিজ বাহিনীর সদস্য, যাদের বেশিরভাগই বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন।

ইরানের সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, নিহত ও আহতরা দেশটির তিনটি শহর লোর্দেগান, আজনা ও পশ্চিমাঞ্চলীয় কৌদাশতের বাসিন্দা। ফার্স নিউজ জানায়, নিহতদের মধ্যে দুইজন লোর্দেগান, তিনজন আজনা এবং একজন কৌদাশতের বাসিন্দা।

বিক্ষোভ চলাকালে লোর্দেগানের একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনাও ঘটে। এতে সংঘর্ষে ১৩ জন পুলিশ সদস্য ও চারজন বিক্ষোভকারী আহত হন।

উল্লেখ্য, ইরানের মুদ্রা ইরানি রিয়াল বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ডলারসহ বৈশ্বিক মুদ্রার বিপরীতে রিয়ালের মান আরও কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। একদিকে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে লাগাতার মুদ্রামূল্য পতনে নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমসিম খাচ্ছেন দেশটির জনগণ।

এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৯ ডিসেম্বর তেহরানের দোকানমালিকরা ধর্মঘটের ডাক দেন। ওই দিন রাজধানীর অধিকাংশ দোকান, বাজার ও শপিং কমপ্লেক্স বন্ধ ছিল। ব্যবসায়ীদের এই ধর্মঘটে সাধারণ মানুষও অংশ নিলে তা দ্রুত বিক্ষোভে রূপ নেয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪