| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 311792 বার পঠিত
দিল্লিতে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যান রাজনাথ সিং। সেখানে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। এরপর হাইকমিশনে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি।

শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া এক্সে দেওয়া আরেক পোস্টে রাজনাথ সিং বলেন, ‘নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইতে স্বাক্ষর করেছি। তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা।’

উল্লেখ্য, এটি নিয়ে দ্বিতীয়বারের মতো দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন রাজনাথ সিং। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

এদিকে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় আসেন। তাদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ছিলেন। জানাজার আগে বুধবার দুপুর দেড়টার দিকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা তার হাতে তুলে দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪