| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, বহু হতাহত

  • আপডেট টাইম: 01-01-2026 ইং
  • 311839 বার পঠিত
সুইজারল্যান্ডের বারে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, বহু হতাহত

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল সুইজারল্যান্ড। দেশের জনপ্রিয় স্কাই রিসর্ট টাউন ক্রান্স-মোন্টানায় একটি বিলাসবহুল বারে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।

সুইস পুলিশের সূত্রে জানা গিয়েছে, ক্রান্স-মোন্টানা শহরের ‘লে কন্স্টেলেশন’ নামে একটি লাক্সারি বারে নিউ ইয়ার্স ইভের উদযাপন চলাকালীন আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। রাত আনুমানিক দেড়টা নাগাদ এই বিস্ফোরণের ফলে বারটিতে আগুন ধরে যায় এবং সেখানে উপস্থিত বহু মানুষ এদিক-সেদিক ছিটকে পড়েন। ঘটনার সময় নববর্ষ উদযাপনে ব্যস্ত অসংখ্য পর্যটক ওই বারে উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। আগুনে অগ্নিদগ্ধ হয়ে পড়েন অনেকে, আবার বেশ কয়েকজন বারের ভিতরে আটকে পড়েন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম সুইৎজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গায়েতান ল্যাথিয়ন জানান, “বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। বহু মানুষ আহত হয়েছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। নিউ ইয়ার্স ইভ উপলক্ষে বারে একটি বড়সড় পার্টি চলছিল।”

সুইস গণমাধ্যমে ইতিমধ্যেই আগুনে জ্বলতে থাকা বারের একাধিক ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বারের ভিতর থেকে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে।

বিস্ফোরণটি কোনও দুর্ঘটনা নাকি আত্মঘাতী বা জঙ্গি হামলা তা এখনও স্পষ্ট নয়। যদিও স্থানীয় সূত্রের একাংশ মনে করছে, নিকটবর্তী কোনও এলাকায় বাজি ফাটানোর জেরেও এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, বর্তমানে সুইজারল্যান্ড খরার পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জঙ্গল এলাকায় দাবানলের খবরও পাওয়া যাচ্ছে। তার মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪