| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি সামরিক জোট

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 313421 বার পঠিত
ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি সামরিক জোট

ইয়েমেনের হারদামাউত প্রদেশের মুকাল্লা বন্দরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সীমিত বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইয়েমেনের সরকার ও সৌদি আরব।

চলতি মাসের শুরুতে সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের সর্ববৃহৎ প্রদেশ হারদামাউত দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। এরপর থেকেই সৌদি আরব এসটিসির যোদ্ধাদের ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছিল। তবে তারা সরে না যাওয়ায় মুকাল্লা বন্দরে এই বিমান হামলা চালানো হয়।

সৌদি আরব ও ইয়েমেনের সরকার দাবি করেছে, মুকাল্লা বন্দরে এসটিসির জন্য আনা অস্ত্র মজুত ছিল। এসব অস্ত্রকে লক্ষ্য করেই সীমিত আকারে বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেন সরকারের একটি সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাত এসব অস্ত্র এসটিসির জন্য পাঠিয়েছিল।

হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে সৌদি আরব জানায়, নিজেদের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’ এবং এ নিরাপত্তা রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। পাশাপাশি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গালফ অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সংযুক্ত আরব আমিরাত যথাযথ ব্যবস্থা নেবে বলে তারা প্রত্যাশা করে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, গত শনি ও রোববার মুকাল্লা বন্দরে দুটি জাহাজ প্রবেশ করে, যেগুলো জোটের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। জাহাজগুলোর ট্র্যাকিং ব্যবস্থাও বন্ধ ছিল। পরে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র বন্দরে খালাস করা হয়, যা এসটিসির জন্য আনা হয়েছিল বলে দাবি করেন তিনি।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের প্রধান রাশেদ আল-আলিমি সংযুক্ত আরব আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে তাদের সব সেনা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪