| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসুস্থতা বোধ করায় এজলাস ত্যাগ করলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান

  • আপডেট টাইম: 09-12-2025 ইং
  • 337356 বার পঠিত
অসুস্থতা বোধ করায় এজলাস ত্যাগ করলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ হঠাৎ ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। শারীরিক অসুস্থতা অনুভব করায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এজলাস ত্যাগ করেছেন। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চলমান বিচারিক কার্যক্রমের মাঝেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তাকে বিশ্রামে নেওয়া হয়। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, বিচার কার্যক্রমের পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।

এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত স্থানে গুম-নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ থেকে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন। এ মামলায় প্রধান আসামি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অভিযুক্ত করা হয়েছে তিন সাবেক সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনকে।

অভিযোগের তালিকায় থাকা তিন সেনা কর্মকর্তা হলেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।

এ ছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলমসহ আরও কয়েকজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সব মিলিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ একাধিক গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম চলমান থাকলেও চেয়ারম্যানের হঠাৎ অসুস্থতাজনিত এজলাস ত্যাগে বিচারিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪