হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করার কোনো ‘ম্যাজিক’ আমার কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতেই স্পষ্ট বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার ঘটনায় জড়িতদের ধরতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, আমি অস্বীকার করছি না। কিন্তু নির্বাচনের আগে এসব যে বন্ধ হয়ে যাবে তা আমি বলতে পারব না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত, সুইচ অন-অফের মতো ব্যবস্থা থাকত তাহলে বলে দিতাম ‘লাইট অফ, আর কোনো কিলিং হবে না’। কিন্তু আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।
এসময় নির্বাচন প্রস্তুতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, দেশের সব বাহিনী প্রশিক্ষণ নিয়ে প্রস্তুতি জোরদার করছে। জানুয়ারির মধ্যেই এসব প্রশিক্ষণ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলো তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। আমরাও বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণের মান কেমন হচ্ছে, সেটি দেখার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, জানুয়ারির মধ্যেই প্রশিক্ষণ শেষ হবে। সুষ্ঠু, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতির প্রয়োজন আমরা সবকিছুই নিচ্ছি। এর জন্যই কিন্তু প্রশিক্ষণ দরকার।
এবার ভোটগ্রহণ সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ভোট গণনার স্বার্থে সব কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে সমস্যা, সেখানে বিকল্প আলোর ব্যবস্থাও থাকবে। পাশাপাশি নির্বাচনে ব্যবহৃত হবে বডি ক্যামেরা।
জাতীয় পার্টির নির্বাচনি প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাইতো মাঠে, পুরো মাঠতো তারাই গরম করে রাখছে। কে কি বলে তাতো না। অনেকে আছে ঘর থেকে বের হতে চায় না।
লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অগ্রগতির কথাও তুলে ধরে তিনি জানান, প্রতিদিনই লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে, এবং গণমাধ্যমও সেসব খবর প্রকাশ করছে।