| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

  • আপডেট টাইম: 08-12-2025 ইং
  • 337639 বার পঠিত
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা একটি রিট আবেদন হাইকোর্ট নট প্রেস হিসেবে খারিজ করেছেন। আদালত বলেছেন “দেশ এখন নির্বাচনমুখী, এ সময়ে এ ধরনের রিট গ্রহণযোগ্য নয়।”

সোমবার ( ৮ ডিসেম্বর ) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের প্রাথমিক শুনানিতে এ মন্তব্য করেন। 

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আদালতের মনোভাব বুঝে বৃহত্তর স্বার্থে রিটটি আর এগিয়ে নেবেন না বলে জানান।

রিটে অভিযোগ করা হয়, নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ। এছাড়া ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের আবেদন জানানো হয়।

“নির্বাহী বিভাগের উপর জনগণের আস্থা আর নেই। তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশ চাইতেই রিটটি করেছিলাম।”

রিটে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও বাস্তবে নির্বাহী বিভাগকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, যা বিতর্কের জন্ম দিচ্ছে। এ কারণেই জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন পরিচালনায় যুক্ত করার দাবি তোলা হয়।

সরকার ও নির্বাচন কমিশন সম্প্রতি ডিসিদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদেরকে নির্বাচন পরিচালনায় যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন বলেও দাবি করেন রিটকারী আইনজীবী। তিনি মনে করেন, এতে আবারও বিতর্কিত নির্বাচনের আশঙ্কা রয়েছে।

হাইকোর্টের মন্তব্য ও রিট খারিজের পর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ এখন নজর কাড়বে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪