জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) সকাল সকাল সোয়া ১০টার পর লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং মেজর মো. রাফাত বিন আলমকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনাল ভবনে নেওয়া হয়।
এ মামলায় চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে ট্রাইব্যুনাল-১ এ। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি গ্রহণ করবেন।
ট্রাইব্যুনাল চত্বরজুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা। হাইকোর্টের অতিরিক্ত পুলিশ ছাড়াও মোতায়েন আছে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা।
এ মামলার আরও দুই আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এখনো পলাতক। তাদের পক্ষে গত ২৪ নভেম্বর স্টেট ডিফেন্স অ্যাটর্নি নিয়োগ করে ট্রাইব্যুনাল। একই দিনে গ্রেফতার দুই সেনা কর্মকর্তার আইনজীবী মাসুদ সালাহউদ্দিন ভার্চুয়াল হাজিরার আবেদন করেন, যার ওপর আজ শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হয় এবং শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি পলাতক দুই কর্মকর্তাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় ঘটে ২৮ জনের মর্মান্তিক হত্যাকাণ্ড। তদন্ত সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে অভিযুক্ত কর্মকর্তাদের সরাসরি গুলি চালানো ও হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়ার অভিযোগ। সেই প্রতিবেদনের ভিত্তিতেই চারজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।