ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায়কে চূড়ান্তভাবে বহাল রেখে বৃহস্পতিবার ( ০৪ ডিসেম্বর ) সকাল ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল খারিজ হওয়ায় অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
আদেশ ঘোষণার পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও কর্মকাণ্ড নিয়ে আর কোনো আইনি প্রশ্নের অবকাশ রইলো না।
এর আগে গত বছর ডিসেম্বরে শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মহসীন রশিদ, যা পরে খারিজ করে হাইকোর্ট মন্তব্য করেন— ‘জনগণের বৈধতা পাওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলা যাবে না।’ এই আদেশই আজ বহাল রাখল আপিল বিভাগ।