নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের খোলা মাঠ এলাকায় সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টারের ওঠা–নামার কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের অধীনেই এই পুরো কার্যক্রম সম্পন্ন হবে।
বুধবার ( ৩ ডিসেম্বর ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি দু’টি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করবে।
এছাড়া, এ বিষয়ে যেন কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো না হয়, সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার অগ্রগতি দেখতে মঙ্গলবার, ২ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।