আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আর জাতি এ নিয়ে গর্ব করবে।
বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন,আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
তিনি আরও সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেন, দেশের নিরাপত্তা, বিভিন্ন দুর্যোগ ও সংকটে তারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।
তিনি উল্লেখ করেন ন্যাশনাল ডিফেন্স কলেজ এখন নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত শিক্ষায় একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ নেতৃত্ব তৈরিতেও প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ মোট ৯৬ জন কোর্স সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন সদস্য। এছাড়াও বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সম্পন্ন করেন।