সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলসংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার ( ২ ডিসেম্বর ) ) সকাল ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।
শুনানির শুরুতেই মামলার পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদালত এ আবেদন গ্রহণ করে তাকে মামলার পক্ষভুক্ত করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, সরকার এ মামলার শুনানি দ্রুত শেষ করতে চায়।
এর আগে পৃথক দুটি রিট আবেদনের শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি অংশকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হয়। তবে সংশোধনীর অন্যান্য অংশ বহাল রাখা হয়।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলের দাবিতে সুজনের সম্পাদকসহ চারজন আপিল করেন। উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনী পাস করে, যার মাধ্যমে সংবিধানে মোট ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়, যার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ অন্যতম।
এখন আপিল বিভাগের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে আইন-রাজনীতির সঙ্গে জড়িত সবাই।
গত ৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। আপিলে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে।
রিটকারী সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া এ আপিল দায়ের করেন।
গত বছরের ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন উচ্চ আদালত। তবে পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়ে।