চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১৩ জুন) ভোর ৪টার দিকে রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০ এমপি এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
১৬ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে নৌকার মাধ্যমে ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ওই ১৫ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু ছিল।
বিজিবি জানায়, পুশইনের জন্য আনা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ ওই ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১২ জুন) কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়েও ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। সে সময়ও বিজিবি সদস্যরা তাদের আটকে দিয়ে সীমান্তে সতর্ক অবস্থান গ্রহণ করে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ বাড়তে থাকায় বিজিবি সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হাফিজয আয়না নিউজ