স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিশুদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে তাদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শিশুরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
শুক্রবার (১২ জুন) সকালে শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়াম-এ আয়োজিত স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের অধীনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সরকার শিশুদের শিক্ষার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিনামূল্যে শিক্ষা উপকরণ, পোশাক ও বিভিন্ন সহ-শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-কে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, চীন বিশ্বের অন্যতম উন্নত দেশ এবং তারা বিভিন্ন দেশের উন্নয়নে সহযোগিতা করছে। তিনি জানান, চলতি ও আগামী বছরের মধ্যে শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনা যাচাই করতে চীন থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে পারে।
তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ের কৃষি সম্ভাবনা মূল্যায়নে আগামী জুলাই-আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধি দল জেলাটি পরিদর্শন করবে। পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস পাওয়া গেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আওতায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ