| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্টেডিয়ামে উৎসব, বাইরে পুলিশ-বিক্ষোভকারী মুখোমুখি

  • আপডেট টাইম: 12-06-2026 ইং
  • 20463 বার পঠিত
স্টেডিয়ামে উৎসব, বাইরে পুলিশ-বিক্ষোভকারী মুখোমুখি

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম-এ রেকর্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনকে ঘিরে যখন উৎসবমুখর পরিবেশ, ঠিক তখনই স্টেডিয়ামের বাইরে দেখা দেয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও মাঠের ভেতরের আলোঝলমলে পরিবেশের সমান্তরালে বাইরে পুলিশ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা।

বিশ্বকাপের ২৩তম আসর FIFA World Cup 2026-এর উদ্বোধনী দিনে মেক্সিকো সিটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীনভাবে কঠোর। উদ্বোধনী অনুষ্ঠানে পপস্টার Shakira-এর পারফরম্যান্স ও হাজারো দর্শকের উচ্ছ্বাসে যখন স্টেডিয়াম মুখর, তখন বাইরে প্রায় ২০০ জন মুখোশধারী বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক নারীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সংঘর্ষের কারণে শহরের কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় এবং একটি ফ্যান জোনেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভের সূত্রপাত মূলত দেশটির সরকার ও জাতীয় শিক্ষক ইউনিয়নের একাংশের দীর্ঘদিনের বিরোধকে ঘিরে। ২০০৭ সালের বিতর্কিত আইন বাতিল এবং বেতন বৃদ্ধির দাবিতে চলমান ধর্মঘটের কারণে দেশজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে লক্ষাধিক শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি।

অন্যদিকে মাদক সহিংসতা ও সামাজিক নিরাপত্তা ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ আরও বাড়িয়ে তোলে আন্দোলনকারীদের ক্ষোভ। এরই অংশ হিসেবে বিশ্বকাপের ভেন্যুর সামনে বিক্ষোভ ও অবরোধের ঘটনাও ঘটে।

সব মিলিয়ে মাঠের ভেতরে বিশ্বকাপের উৎসবমুখর উদ্বোধন চললেও, বাইরে চলমান সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতা পুরো আয়োজনের ওপর চাপ সৃষ্টি করে। বিশ্বমঞ্চে ফুটবলের এই মহাযজ্ঞের শুরুতেই মেক্সিকোর সামাজিক সংকট নতুন করে আলোচনায় এসেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪