| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপনি গুলি করলে আমি বসে থাকবো? সীমান্তে বিএসএফকে বিজিবি

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 35368 বার পঠিত
আপনি গুলি করলে আমি বসে থাকবো? সীমান্তে বিএসএফকে বিজিবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক ব্যক্তিকে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বিএসএফ সদস্যদের উদ্দেশে এক বিজিবি সদস্যের কঠোর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আপনি গুলি করলে আমি বসে থাকবো? আপনার কাছে গুলি আছে, আমার কাছে নাই?

বুধবার (১০ জুন) ভোরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, সকালে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। ওই ব্যক্তি দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ে বসবাস করতেন বলে জানা গেছে। বিষয়টি টের পেয়ে জামালপুর-৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয়রা বাধা দেন। পরে বাধার মুখে ওই ব্যক্তি নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামালপুর-৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শক নেতৃত্ব দেন। তবে বৈঠকে কোনো সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়।

এ সময় বিএসএফের এক সদস্য বিজিবিকে লক্ষ্য করে গুলি করার হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই বাহিনীর সদস্যদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিজিবি সদস্যরা এর তীব্র প্রতিবাদ জানান।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ভারত থেকে একজনকে পুশইন করার খবর পেয়ে আমরা বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নিয়েছি। কোনোভাবেই কাউকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গত কয়েক দিন ধরেই বিএসএফ সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করছে। আজ সকালে এক ব্যক্তিকে শূন্য রেখায় ঠেলে দেওয়া হয়। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমাদের সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে। আমরা পতাকা বৈঠক করেছি, কিন্তু বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত নেয়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪