ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ তিন চাকার বাহন আটকের জেরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষে হাইওয়ে পুলিশের হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টার দিকে মহাসড়কের নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।
স্থানীয়রা বলেন, কাঁচামাল বহনকারী একটি অটোরিকশার চালকের সঙ্গে এক হাইওয়ে পুলিশ সদস্যের কথা-কাটাকাটির একপর্যায়ে চালককে মারধর করা হয়। এতে চালক আহত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এতে গাড়িটি ব্যপক ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও পিটিয়ে ভাঙচুর করে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূর্যয় / আয়না নিউজ