| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জের হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন, আটক মেয়ে

  • আপডেট টাইম: 09-06-2026 ইং
  • 36769 বার পঠিত
মানিকগঞ্জের হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন, আটক মেয়ে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে তার বৃদ্ধ মা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহান মিয়ার স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) তার মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদি মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।

স্থানীয়দের দাবি, স্বামীর মৃত্যুর পর থেকে রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে এর আগে তিনি কখনও এমন সহিংস আচরণ করেননি।

নিহতের নাতি রাসেল জানান, তার ফুপু রোকেয়া বেগমই দাদিকে হত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

কান্নাকাটির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রোকেয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হলেও আগে কখনও কারও ক্ষতি করেননি। হঠাৎ এমন ঘটনা কেন ঘটলো, তা বুঝতে পারছি নাবলে জানান প্রতিবেশী মহিউদ্দিন খান মুঞ্জু।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে রেজিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মেয়ে রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান।

শাহীন তারেক/ আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪