পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে প্রায় ৭০ ঘণ্টা ধরে শূন্যরেখার ওপারে অবস্থান করা নারী ও শিশুসহ ১০ জনকে শেষ পর্যন্ত রাতের আধারে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে ওই ১০ জন ভারতীয় অভ্যন্তরে সীমান্তসংলগ্ন একটি কৃষিজমিতে অবস্থান করছিলেন। বাংলাদেশে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে তারা টানা কয়েকদিন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করেন। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের জন্য কোনো আশ্রয়ের ব্যবস্থা ছিল না।
বিজিবির সদস্যদের সঙ্গে আমরাও সীমান্ত এলাকায় নজরদারিতে ছিলাম। রাত ১২টার দিকে বিএসএফ সীমান্ত এলাকার লাইট বন্ধ করে দেয়। পরে রাত প্রায় আড়াইটার দিকে তারা নারী-শিশুসহ ওই ১০ জনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় বলে জানান স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী।
রোববার দুপুরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। এ সময় সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং উভয় বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থান নেয়।
সোমবার সকালে সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, যেখানে গত কয়েকদিন ধরে ওই ১০ জন অবস্থান করছিলেন, সেখানে আর কাউকে দেখা যায়নি। সীমান্তের উভয় পাশেই স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।
বিএসএফ আমাদের সঙ্গে যোগাযোগ করে রাত প্রায় আড়াইটার দিকে তাদেরকে সেখান থেকে নিয়ে গেছে বলে জানান নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম।
প্রায় ৭০ ঘণ্টা ধরে চলা এই সীমান্ত জটিলতার অবসান হলেও, রাতের অন্ধকারে লাইট বন্ধ করে নারী-শিশুসহ ১০ জনকে সরিয়ে নেওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বদরুদ্দোজা/ আল রাজীব/ আয়না নিউজ