ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।
শুক্রবার ( ৫ জুন) দিবাগত রাতে আগুনে ক্ষতিগ্রস্ত কার্গো শেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও কমিটির প্রতিবেদনের মাধ্যমে নিরূপণ করা হবে বলে জানান।
প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী । বারবার শর্ট সার্কিটের ঘটনা কেন ঘটছে। এর আগেও যে অগ্নিকাণ্ড হয়েছিল, সেই তদন্ত প্রতিবেদনেও শর্ট সার্কিটের কথা বলা হয়েছিল। তাহলে নিশ্চয়ই কোথাও গাফিলতি রয়েছে। আমাদের সেটি স্বীকার করতে হবে।
শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। যদি কারও গাফিলতির কারণে এ ঘটনা ঘটে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বলে হুসিযারী দিয়েছেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ।
গত বছরের ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো শেডে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ঘটনার পরও নতুন শেড নির্মাণ করা হয়নি। কারণ, থার্ড টার্মিনাল প্রকল্পের আওতায় নতুন কার্গো সুবিধা নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আওতায় থার্ড টার্মিনালের পেছনে আমদানি ও রপ্তানির জন্য দুটি আধুনিক কার্গো গোডাউন নির্মাণ করা হচ্ছে। এসব গোডাউনে প্রায় ৮ লাখ টন করে পণ্য সংরক্ষণের সক্ষমতা থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নতুন স্থায়ী শেড নির্মাণ করলে তা ভবিষ্যতে প্রয়োজন নাও হতে পারে। সে কারণে আপাতত স্থায়ী অবকাঠামো নির্মাণ থেকে বিরত থাকা হয়েছে। তবে অস্থায়ী শেড নির্মাণের কথা বলা হয়েছিল। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ভূমিকা সম্পর্কেও তদন্তে খতিয়ে দেখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
গতকাল রাতে অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অগ্নিকাণ্ড বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় কোনো সমস্যা হয়নি।
আল রাজীব/ আয়না নিউজ