কোরবানীর পর এখনো জমে উঠেনি রাজধানীর কাঁচা বাজার। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতার উপস্থিতি চোখে পড়েনি তেমন একটা। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস ও মুরগীর দোকানে ভিড় কিছুটা কম থাকলেও বিভিন্ন রকমের মাছ, সবজি,ও মৌসুমি ফলে্র দোকানে কিছুটা ভিড় দেখা গেছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায়, প্রতি কেজি রুই মাছ ৩৮০ থেকে ৪২০ টাকা, আইড় মাছ ৮০০ টাকা, শিং মাছ ৪০০ টাকা, কৈ মাছ ২৫০ থেকে ৪০০ টাকা, স্বরপুটি মাছ ৩৫০ থেকে ৬০০ টাকা, চিংড়ি মাছ প্রকারভেদে ৮০০ থেকে এক হাজার পাঁচশত টাকা, কাঁচকি মাছ ৫০০ টাকা এবং কাইট্টা মাছ ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে সরবরাহ কম থাকায় ১ কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশত টকা দরে।
এছাড়া বাজারে করলা প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ৫০ থেকে ৮০ টাকা, এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। এছাড়া মিষ্টি কুমড়া ৫০ টাকা, দেশি শসা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবুর দামও কিছুটা কমেছে। বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০ টাকায়। দেশি ধনেপাতা ২৫০ টাকা, হাইব্রিড ধনেপাতা ১৮০ টাকা কেজি এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কেপসিকামের দাম রয়েছে কেজিপ্রতি ২৮০ থেকে ৪৫০ টাকা।
প্রতি ডজন ডিম ১৩০ টাকা ,বয়লার মুরগী ১৮০ টাকা এবং সোনালী মুরগী ৩২০ থেকে ৩৬০ টকা দরে বিক্রি হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ