নাটোর প্রতিনিধি: ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫’ এর আওতায় বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন।
এই অর্জনে তিনি গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।
তিনি এ সম্মাননা নাটোর জেলার সকল মানুষের প্রতি উৎসর্গ করেন। পাশাপাশি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার ফলেই এই স্বীকৃতি অর্জিত হয়েছে। ভবিষ্যতেও জেলার শিক্ষা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩ নভেম্বর নাটোর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসমা শাহীন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন।
এছাড়া তিনি নাটোর জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ণ প্রকল্প, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর নিয়মিত পরিদর্শন করেন এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তদারকি করেন। বড়াইগ্রাম উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও করেন তিনি।
যুব উন্নয়ন ও সামাজিক সংগঠনকে উৎসাহিত করতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১১টি সফল যুব সংগঠনের মধ্যে সরকারি অনুদান বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন তিনি। পাশাপাশি শিক্ষা, স্থানীয় সরকার, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা ও আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে তদারকি করে সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ