| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরবে তুমুল সংঘর্ষ, আহত ২৫

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 47204 বার পঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরবে তুমুল সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রেলওয়ে স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে বিভিন্ন আন্তঃনগর ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

আহতদের মধ্যে পুলিশ সদস্য সাইফুল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মো. মুছা মিয়ার নাম জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে ভৈরব শহরের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে স্টেশন এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধরের ঘটনা ঘটে। পরে উভয় এলাকার লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে পুরো স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে পুলিশ, থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের কারণে ঢাকাগামী মহানগর প্রভাতী ও গোধূলি, পারাবত এক্সপ্রেস, এগারো সিন্ধুর এক্সপ্রেস, তিতাস কমিউটার এবং কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরে রাত ১টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউছুফ জানান, সংঘর্ষের সময় স্টেশন এলাকায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪