ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তাদের মেয়ে আদিবা (৪)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিএনজি অটোরিকশাযোগে কসবা থেকে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছভর্তি একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
হাফিজ/ আয়না নিউজ