নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দলীয় কোন্দলকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
মারধরের শিকার নেতা অখিল উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ প্রাঙ্গণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের কয়েকজন কর্মী অখিল উদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে তাকে প্রকাশ্যে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার সময় উপস্থিত নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দলীয় নেতাকর্মীদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। মূলত ভুল বোঝাবুঝি থেকেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
হাফিজ/ আয়না নিউজ