স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনতে কাজ করছে সরকার। আগামী বাজেটেই এ খাতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজিত ‘স্বাস্থ্য খাতের বাজেট’ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রতিবছর স্বাস্থ্যখাতের বরাদ্দের একটি বড় অংশ অব্যবহৃত থেকে যায়। এ কারণে আগামী বাজেটে নির্দিষ্ট খাতভিত্তিক বরাদ্দ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংক তার স্বায়ত্তশাসনের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের পরিচালক নিয়োগ দিয়ে থাকে এবং সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করে না।
হাফিজ/ আয়না নিউজ