রাজধানীর মিরপুর এলাকায় এক বৃদ্ধা নারীর পচাগলা লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রবীণদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ড. শামারুহ মির্জা।
বুধবার (৩ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়; বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রবীণ সেবা ও সহায়তা ব্যবস্থার দুর্বলতাকেও সামনে নিয়ে আসে।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রবীণ নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা এখন সময়ের দাবি। জনস্বাস্থ্য খাতে অগ্রগতি থাকলেও বয়স্ক মানুষের জীবনমান উন্নয়নে এখনও পর্যাপ্ত উদ্যোগ দেখা যায় না।
ড. শামারুহ মির্জা প্রবীণদের জন্য বাড়িভিত্তিক সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, অনেক প্রবীণই নিজ বাসায় থেকে জীবনযাপন করতে চান, তাই স্বাস্থ্যসেবা, পরিচর্যা, খাবার সরবরাহ ও চলাচলে সহায়তার মতো সুবিধা আরও বিস্তৃত করা জরুরি।
তিনি আরও বলেন, প্রবীণদের অধিকার সুরক্ষায় শক্তিশালী আইন, বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা, প্রশিক্ষিত কেয়ারগিভার তৈরি এবং সামাজিক একাকিত্ব কমাতে কমিউনিটি-ভিত্তিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।
এ ছাড়া উপজেলা পর্যায়ে প্রবীণ সহায়তা কেন্দ্র স্থাপন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে সেবা সম্প্রসারণ এবং গবেষণাভিত্তিক নীতিমালা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
তিনি মন্তব্য করেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধে প্রবীণদের সেবা গুরুত্বপূর্ণ হলেও বাস্তবতার কারণে অনেক ক্ষেত্রে তা সম্ভব হয় না। তাই রাষ্ট্রীয় সহায়তা কাঠামোকে আরও শক্তিশালী করা জরুরি।
এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক পর্যায়ে প্রবীণদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে নতুন করে গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
হাফিজ/ আয়না নিউজ