ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে মোস্তাক আহমেদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোস্তাক আহমেদ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখলা গ্রামের মোস্তফা কামালের ছেলে। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডস্টোর এলাকায় বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ীর আমতলী টাওয়ার এলাকায় মোস্তাক আহমেদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি ভালুকা থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে ভালুকা থানার এসআই মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
হাসান/ হাফিজ/ আয়না নিউজ