ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রোববার (৩১ মে) দিবাগত রাত থেকে বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় ১০ থেকে ১২ ব্যক্তিকে নিয়ে অবস্থান নেয় বিএসএফ। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। এতে কেউ বাংলাদেশে ঢুকতে পারেনি।
বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে নারী, পুরুষ ও শিশুসহ ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করলে পুশইনের চেষ্টা ভেস্তে যায়।
বিজিবি আরো জানায়, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে, তাদের অনেকেরই জন্ম ভারতে এবং তারা দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করে আসছিলেন। ফলে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে তাদের বাংলাদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বেনাপোল সাদিপুর খড়ের মাঠ এলাকা ২১/৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতীয় বিএসএফ বেশকিছু নগরিককে ঠেলে পাঠানোর চেষ্টা করার পর সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে বেনাপোল সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।
সূর্যয় / আয়না নিউজ